প্রথম দিনে ১৬ জনের প্রার্থিতা বাতিল করল নির্বাচন কমিশন
প্রকাশিত ৫ জানুয়ারি ২০২৬শেষ আপডেট ১০ জানুয়ারি ২০২৬
আপনার যা জানা দরকার
-
ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার অনুরোধ
-
আশার খোঁজে নতুন প্রজন্ম: তারেক রহমান
-
তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা
-
বিদ্রোহী প্রার্থীরা না সরলে ব্যবস্থা নেবে বিএনপি
-
প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ
-
১৪ জানুয়ারি পর্যন্ত আইপ্যাক মামলা মুলতুবি
-
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি: মির্জা ফখরুল
-
অমিত শাহর অফিসের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ
-
বাংলাদেশে এক সপ্তাহে চারটি হত্যা, গুলি, হামলা
-
পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত
-
বলসোনারোর কারাদণ্ডের মেয়াদ কমানোর বিলে লুলার ভেটো
-
ধর্মঘট উঠলেও এলপিজি সংকট কাটেনি
-
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের কথাকে গুরুত্ব দিন: ভান্স
প্রথম দিনে ১৬ জনের প্রার্থিতা বাতিল করল নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) শনিবার প্রথম দিনের আপিল শুনানি শেষ ১৬ জনের প্রার্থিতা বাতিল করেছে কমিশন৷
শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলে৷ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এ শুনানি হয়৷ এতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাদের প্রতিনিধিরা অংশ নেন৷
শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনের ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়৷ এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে৷ ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে৷
শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়৷ আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে৷ প্রথম দিনে ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়৷ আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৮০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হবে৷
আরআর/এডিকে (প্রথম আলো)
আশার খোঁজে নতুন প্রজন্ম: তারেক রহমান
নতুন প্রজন্ম আশার খোঁজে আছে, সব প্রজন্মই একটি দিকনির্দেশনা খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান৷
শনিবার রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান৷
২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি৷
তারেক রহমান বলেন, ‘‘আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, আরেক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের জানাজা এবং তৃতীয় পাশে ২০২৪ সালের ৫ আগস্ট৷ এসব ঘটনা সামনে রাখলে বোঝা যায় আগের অবস্থায় ফেরার কোনো প্রয়োজন নেই৷’’
দেশ যে মূল্য দিয়েছে, বিশেষ করে ৫ আগস্টের ঘটনা, তা রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বলেন তিনি৷
অনুষ্ঠানে অংশ নেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার-সহ সাংবাদমাধ্যমের অনেক সম্পাদক৷
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন৷
আরআর/এডিকে (প্রথম আলো)
ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার অনুরোধ
বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করতে মার্কিন প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান৷
শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে বৈঠকে এই অনুরোধ জানান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷
বাংলাদেশ সরকারের প্রেস উংইয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার জন্য অনুরোধ জানান নিরাপত্তা উপদেষ্টা৷ সম্ভব হলে স্বল্পমেয়াদি ব্যবসায়িক বি১ ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি৷
জবাবে অ্যালিসন হুকার জানান, যুক্তরাষ্ট্র বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় নেবে৷ তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় দেশটিতে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে এলে যুক্তরাষ্ট্র ভিসা বন্ড সংক্রান্ত বর্তমান শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে৷
বৈঠকে বাংলাদেশের আসছে জাতীয় সংসদ নির্বাচন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে বাংলাদেশ সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়৷
আরআর/এডিকে (সিএ প্রেস উইং)
তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)৷
শনিবার সকালের পর থেকে শুরু হওয়া শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয়৷ তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন৷
গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন৷
প্রার্থিতা বৈধ ঘোষণার পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ‘‘নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে, ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে৷’’
৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷
আরআর/এডিকে (প্রথম আলো)
বিদ্রোহী প্রার্থীরা না সরলে ব্যবস্থা নেবে বিএনপি
বিদ্রোাহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি৷ দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার এই কথা জানান৷
রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, বিদ্রোহী প্রার্থীরা যদি সময়মতো মনোয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷
তিনি বলেন, তফসিলে মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ সময় দেওয়া হয়েছে, তার মধ্যে দলের বিদ্রোহী প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন৷ আর তা না হলে ওই নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷
উল্লেখ্য, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান৷
আরআর/এসএস (প্রথম আলো)
১৪ জানুয়ারি পর্যন্ত আইপ্যাক মামলা মুলতুবি
আইপ্যাক মামলার শুনানি মুলতুবি করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ৷ ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতুবি করা হয়েছে৷
আইপ্যাকের দফতরে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল ইডি। শুক্রবার দুপুরে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
কিন্তু আদালতকক্ষে অতিরিক্ত ভিড়ের কারণে শুনানি শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মামলা না শুনেই এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। মামলা স্থগিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে ইডি।
শুনানি শুরুর আগে বিচারপতি ঘোষ ইন্টার্ন আইনজীবীদের এজলাস খালি করার নির্দেশ দেন। তিনি বলেন, “পাঁচ মিনিট সময় দিলাম। মামলার সঙ্গে যুক্ত নন এমন আইনজীবীরা বেরিয়ে যান। অত্যধিক ভিড় হয়ে গিয়েছে। না হলে আমাকে এজলাস ছেড়ে যেতে হবে।”
কিন্তু কে থাকবেন আর কে বেরোবেন, তা নিয়ে আইনজীবীদের মধ্যে গোলমাল শুরু হয়। ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বিচারপতি এজলাস ছেড়ে চলে যান।
গতকাল বৃহস্পতিবার কলকাতায় বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার সূত্রে জোড়া অভিযান চালিয়েছিল ইডি।
আরআর/এসএস
প্রতিশ্রুত অর্থ দিতে ট্রাম্প আইনত বাধ্য: জাতিসংঘ
বুধবার ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকেসরে যাওয়ার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার মধ্যে অর্ধেকের বেশি সংস্থা জাতিসংঘের। এরপর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস অ্যামেরিকাকে সাবধান করে দিয়ে বলেছেন, ওই সব সংস্থায় বকেয়া অর্থ দিতে যুক্তরাষ্ট্র বাধ্য।
গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুশারিক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের নিয়মিত বাজেট ও শান্তিরক্ষা বাজেটে এই প্রতিশ্রুত অর্থ দেওয়ার বিষয়টি থাকে। সাধারণ সভা তা অনুমোদন করে। ফলে অ্যামেরিকাসহ অন্য সদস্য দেশ তা মানতে আইনত বাধ্য।
বিবৃতিতে বলা হয়েছে, ওই সব প্রগ্রাম চালিয়ে যাওয়া হবে। যারা জাতিসংঘের উপর নির্ভর করে তাদের সাহায্য করার দায়িত্ব জাতিসংঘের আছে।
জিএইচ/এসসি(রয়টার্স, এপি, এএফপি)
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি: মির্জা ফখরুল
বিশ্ববিদ্যালয়ের (ছাত্র সংসদ) নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
শুক্রবার শুক্রবার ঠাকুরগাঁও শহরে নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন৷
বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাফল্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিষয়টি গভীরভাবে গবেষণা করা প্রয়োজন৷
বিগত সরকারের আমলে অন্য ছাত্রসংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোয় কাজ করার সুযোগ পায়নি; বিশেষ করে ছাত্রদলকে ঢুকতেই দেওয়া হয়নি৷ বলা যায়, তাদের অবাঞ্ছিত করে রাখা হয়েছিল৷ এ কারণে ছাত্রদলসহ অন্য সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোয় সেভাবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি বরে মন্তব্য করেন তিনি৷
এদিকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব৷
মির্জা ফখরুল বলেন, ‘‘গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটাতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না৷ কারণ যে হারে রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে৷ আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সে ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷’’
তিনি বলেন, ‘‘আমরা আশা করব যে, সরকার এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় এই ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবে৷’’
আরআর/এসএস (প্রথম আলো, দ্য ডেইলি স্টার )
অমিত শাহর অফিসের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ
শুক্রবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের আট সাংসদ। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-র তল্লাশির প্রতিবাদে এই বিক্ষোভ দেখান তারা।
বিক্ষোভকারী সাংসদদের মধ্যে ছিলেন ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, বাপী হালদার, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ ও শর্মিলা সরকার।
তারা স্লোগান দিতে থাকেন, 'গণতন্ত্রের হত্যা বন্ধ কর', 'ইডি-কে ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের কৌশল জানতে চাইছে বিজেপি'। সাংসদদের হাতেও পোস্টার ছিল, যাতে লেখা ছিল বিজেপি প্লাস ইডি বনাম পশ্চিমবঙ্গের মানুষ।
ঘণ্টা দেড়েক ধরে বিক্ষোভের পর পুলিশ তাদের জোর করে সরিয়ে দিতে যায়। তখন শুরু হয় ধস্তাধ্বস্তি। মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েনদের জোর করে সরিয়ে নেওয়া হয়। তাদের নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।
জিএইচ/এসজি(তৃণমূল কংগ্রেসের বিবৃতি)
পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত
পাবনা–১ ও পাবনা–২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানাসংক্রান্ত জটিলতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার ইসি জানিয়েছে। আপিল বিভাগের আদেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত থাকবে।’
সোমবার পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেছেন আপিল বিভাগ। এই স্থগিতাদেশ থাকবে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত।
জিএইচ/এসসি(প্রথম আলো)
বাংলাদেশে এক সপ্তাহে চারটি হত্যা, গুলি, হামলা
বাংলাদেশে চোরাগোপ্তা হামলা, গুলি, হত্যা, বিস্ফোরণ, মব সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে একের পর এক ঘটনা নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি করেছে। ডিডাব্লিউর কনটেন্ট প্রাটনার প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, নতুন বছরের প্রথম সপ্তাহেই গুলি করে অন্তত চারটি হত্যার ঘটনা ঘটেছে। এর আগে নির্বাচনী জনসংযোগে হামলা, গুলি হয়েছে। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার অদূরে তেজতুরী বাজারে বুধবার রাতে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি অল্পের জন্য রক্ষা পান। এর আগে গতকাল সকালে শরীয়তপুরের জাজিরায় একটি ঘরে বিস্ফোরণে দুই যুবক নিহত হন। পুলিশ বলছে, ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ হয়। এসব ককটেল নির্বাচনী প্রচারে হামলা বা নাশকতার জন্য তৈরি হচ্ছিল কি না, সে সন্দেহও রয়েছে।
এর আগে ২৬ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থল থেকে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, মাদ্রাসা পরিচালনার নামে ভাড়া করা ওই বাড়িতে তৈরি করা বেশ কিছু বোমা এর আগে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।
জিএইচ/এসসি(প্রথম আলো)
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের কথাকে গুরুত্ব দিন: ভান্স
গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডলান্ড ট্রাম্পের কথাকে গুরুত্ব দিতে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেছেন, ডেনমার্ক ও ইউরোপের বাকি দেশগুলি রাশিয়া ও চীনের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারছে না।
ভান্স বলেছেন, ইউরোপের নেতা ও অন্যদের কাছে আমার পরামর্শ হলো, তারা যেন মার্কিন প্রেসিডেন্টকে গুরুত্ব দেন।
ভেনেজুয়েলা-কাণ্ডের পর ট্রাম্প বলেছিলেন তিনি এবার গ্রিনল্যান্ড নিয়ে ঝাঁপাবেন, সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভান্স বলেছেন, ইউরোপের নেতারা যেন মনে রাখেন, মিসাইল প্রতিরক্ষার জন্য অ্যামেরিকা গ্রিনল্যান্ড চাইছে।
জিএইচ/এসসি(এপি, এএফপি, রয়টার্স)
ধর্মঘট উঠলেও এলপিজি সংকট কাটেনি
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ করতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ীরা। তবে এরপরও এলপিজি সংকট কাটছে না। বাজারে এলপিজি সরবরাহে ঘাটতি আছে।
সরবরাহ কম থাকার সুযোগে ১ হাজার ৩০৬ টাকার এলপিজির সিলিন্ডার বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে। বেশি দাম দিয়েও এলপিজি পাচ্ছেন না কেউ কেউ। অনেকে বিদ্যুৎ-চালিত চুলা কিনে রান্নার কাজ সারছেন। দুই সপ্তাহ ধরে এমন পরিস্থিতি চলছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) সূত্র বলছে, গত বছর অধিকাংশ কোম্পানি এলপিজি আমদানি করেনি। মূলত পাঁচটি কোম্পানি সিংহভাগ আমদানি করেছে। আরও ৫ থেকে ৬টি কোম্পানি কিছু কিছু আমদানি করেছে। মোট আমদানি হয়েছে সাড়ে ১৮ লাখ টন। একই বছরে বিক্রি হয়েছে এর চেয়ে বেশি। আগের বছর আনা এলপিজিও বিক্রি হয়েছে।
আমদানিকারকেরা বলছেন, এলপিজি আমদানি করে মজুত রাখার তেমন সুযোগ নেই। বিশ্ববাজারে দাম নিয়মিত ওঠানামা করে। মজুত করলে বাড়তি মুনাফার সঙ্গে বড় ধরনের লোকসানের ঝুঁকিও থাকে। তাই প্রতি মাসের চাহিদা হিসাব করেই এলপিজি কেনা হয়।
জিএইচ/এসসি(প্রথম আলো)
বলসোনারোর কারাদণ্ডের মেয়াদ কমানোর বিলে লুলার ভেটো
ব্রাজিলের সাবেক দক্ষিণপন্থি প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর কারাদণ্ডের মেয়াদ কম করার জন্য আনা একটি বিলে ভেটো দিলেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। গতবছর একটি অভ্যুত্থানের চক্রান্ত করায় বলসোনারোর কারাদণ্ড হয়েছে।
বলসোনারোর সমর্থকরা ২০২২ সালের নির্বাচনে তাদের নেতার হারের পর পথে নেমে মারদাঙ্গা করেছিল। তারা সরকারি ভবনে ঢোকার চেষ্টা করে এবং সেনার কাছে দাবি জানায়, তারা যেন লুলাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তার তিনবছর পর লুলা জানিয়ে দিলেন, বলসোনারোর কারাদণ্ডের মেয়াদ কমবে না।
লুলা, তার ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যালেক্সান্ড্রা দ্য মরিসকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)
আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
বুধবার আটলান্টিক মহাসাগরে দুইটি তেলের জাহাজ বাজেয়াপ্ত করলো অ্যামেরিকা। এর মধ্যে একটি জাহাজে রাশিয়ার পতাকা ছিল।
প্রায় এক সপ্তাহ ধাওয়া করার পর অ্যামেরিকার কোস্ট গার্ড এবং মার্কিন সেনার একটি বিশেষ বাহিনী আটক করার আইনি অনুমতি পত্র নিয়ে মারিনেরা নামের তেলের জাহাজটি আটক করে। এই জাহাজটিকে দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল আমেরিকা। এরা রাশিয়ার একটি পতাকাও তুলে রেখেছিল। ওই অঞ্চলে রাশিয়ার একটি সাবমেরিন আছে। এই ঘটনায় রাশিয়ার সঙ্গে অ্য়ামেরিকার সম্পর্ক আরো তিক্ত হবে বলেই মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার ঘটনায় অ্যামেরিকার তীব্র সমালোচনা করেছে রাশিয়া।
অন্যদিকে এম সোফিয়া নামে ভেনেজুয়েলার তেলবাহী অপর একটি জাহাজ আটক করেছে অ্যামেরিকার কোস্ট গার্ড।
শনিবার ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ওই অঞ্চলে তেল বাণিজ্য নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা আছে এমন জাহাজকে তেল সরবরাহ করতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ট্রাম্পের প্রথম শাসনকালে ২০১৯-এ ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞার বেশ কিছু থেকে ক্রমে সরে আসছে ট্রাম্প প্রশাসন।
এসসি/ এসজি (রয়টার্স)