মানবাধিকার অধ্যাদেশ বাতিলে বিশিষ্ট নাগরিকদের ক্ষোভ
প্রকাশিত ৩০ মার্চ ২০২৬শেষ আপডেট ১৩ এপ্রিল ২০২৬
আপনার যা জানা দরকার
- মানবাধিকার অধ্যাদেশ বাতিলে বিশিষ্ট নাগরিকদের ক্ষোভ
- কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র-ইরান, প্রত্যাশা পাকিস্তানের
- পাকিস্তানের মাধ্যমে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান
- কুষ্টিয়ায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
- যুক্তরাষ্ট্র ও ইরান কোন কোন বিষয়ে সমঝোতায় পৌঁছাতে চাচ্ছে?
- কার্যকারিতা হারাল গুম, গণভোটসহ ১৬ অধ্যাদেশ
- হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’
- জার্মানিতে ইসরায়েলি রেস্তোরাঁয় হামলা
- ইরানে যুদ্ধ: লেবাননের সঙ্গে 'যত তাড়াতাড়ি সম্ভব' আলোচনায় বসবে ইসরায়েল
- হরমুজ প্রণালীতে 'শুল্ক' বসালে ভুল করবে ইরান, জানালেন ট্রাম্প
- বগুড়া-৬, শেরপুর-৩ উপনির্বাচনে জয়ী বিএনপি প্রার্থী
- পশ্চিমবঙ্গে ভোটের আগে ফের পুলিশে রদবদল
- লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ২০৩
- ফ্রান্সের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের ডিঙি নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু
- আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
- সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
মানবাধিকার অধ্যাদেশ বাতিলে বিশিষ্ট নাগরিকদের ক্ষোভ
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রহিত করার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ৩১ জন বিশিষ্ট নাগরিক৷
এক যৌথ বিবৃতিতে রোববার তারা ক্ষোভ প্রকাশ করেন৷ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এসব সংস্কারমূলক অধ্যাদেশ গ্রহণ না করে বর্তমান সরকারও অতীতের মতো ‘প্রতিশ্রুতি ভঙ্গের সরকার’ হিসেবে বিবেচিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷
বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘সাধারণ জনগণ ও নাগরিক সমাজের পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনেই পাস করার দাবি জানানো হচ্ছিল৷ কিন্তু বিরোধী দলসহ কয়েকজন সদস্যের ‘নোট অব ডিসেন্ট’ ও প্রবল আপত্তি উপেক্ষা করে ৯ এপ্রিল সংসদে মানবাধিকার কমিশন (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল এবং সুপ্রিম কোর্টের বিচারক (রহিতকরণ) বিল পাস করা হয়৷ এটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও বারবার উচ্চারিত অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক৷’’
এ ছাড়া তথ্য অধিকার (সংশোধন) এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাইয়ের সুপারিশও দরকার ছিল না বলে তারা মনে করেন৷
অধ্যাদেশ রহিত করার প্রভাব সম্পর্কে বিবৃতিতে বলা হয়, ‘‘এর ফলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে এবং অধস্তন আদালত আবার শাসন বিভাগ তথা সরকারদলীয় প্রভাব বিস্তারের পুরোনো রেওয়াজে ফিরে যাবে৷ জাতীয় মানবাধিকার কমিশনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করে সংশোধন করা জরুরি ছিল৷ কিন্তু তা না হওয়ায় প্রতিষ্ঠানটি আগের মতোই অকার্যকর, আমলাতান্ত্রিক বা দলীয় অনুগত ব্যক্তিদের প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল হলো৷’’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ায় বর্তমান আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল হিসেবে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, তাই এ বিষয়ে সরকারের আপত্তি বিস্ময়কর৷’’
বিবৃতিতে স্বাক্ষরকারী ৩১ জন বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, অধ্যাপক আনু মুহাম্মদ, জেড আই খান পান্না, খুশী কবির, রাশেদা কে চৌধূরী, ইফতেখারুজ্জামান৷
আরআর/এআই (প্রথম আলো)
কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র-ইরান, প্রত্যাশা পাকিস্তানের
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে কূটনৈতিক পথে আলোচনার সুযোগ উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ৷ এদিকে, পাকিস্তানে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনায় কোনো ঐকমত্য তৈরি না হওয়ায় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে৷
পাকিস্তান সরকারের এক মুখপাত্র ডয়চে ভেলেকে বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা নিরবে ব্যাকচ্যানেলে চলবে বলে আশা করা হচ্ছে৷ বর্তমান বিরতি কূটনীতির সমাপ্তি ঘটাচ্ছে না৷ যদিও কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি, দুই পক্ষের মধ্যে যোগাযোগ এখনো অব্যাহত আছে৷’’
ইরান যুদ্ধের কারণে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে৷ এই প্রণালীতে সংঘাত বৈশ্বিক তেল পরিবহনে বিঘ্ন ঘটাতে পারে যা জ্বালানির মূল্য বাড়ানোসহ আঞ্চলিক অস্থিরতা বাড়াবে৷
পাকিস্তান উভয়পক্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে চাচ্ছে৷ মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক বিশ্বে নিজেদের গুরুত্ব অর্জনের পাশাপাশি সংঘাত পরিহার এবং নিজেদের অর্থনীতি রক্ষার দিকেও মনোযোগী দক্ষিণ এশিয়ার দেশটি৷
রাজনীতি এবং আইন বিশেষজ্ঞ ওসামা মালিক এই বিষয়ে বলেন, ‘‘ইসলামাবাদ পুরোপুরি হতাশ নয়৷ যদিও পাকিস্তানিদের মধ্যে এই আলোচনা নিয়ে উচ্চাশা ছিল, একটি উপলব্ধিও ছিল যে, এটা দীর্ঘস্থায়ী ব্যাপার হতে পারে৷’’
এআই/আরআর
পাকিস্তানের মাধ্যমে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান
মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নিতে হাজির মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা৷ ছয় সপ্তাহ ধরে চলা এই সংঘাতে ইতোমধ্যে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের আর ক্ষতির শিকার বৈশ্বিক জ্বালানি বাজার যার প্রভাব পড়ছে অর্থনীতিতে৷
ডয়চে ভেলের সূত্র অনুযায়ী, দুইপক্ষের মধ্যে আলাদা আলাদাভাবে আলোচনা শুরু হয়েছে৷ একদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন পাকিস্তানি মধ্যস্থতাকারীরা, অন্যদিকে ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন পাকিস্তানি মধ্যস্থতাকারীরা৷ এসব আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে তিনপক্ষ একত্রে বৈঠক শুরু করতে পারে৷
ইসলামাবাদের কূটনীতিকরা জানিয়েছেন যে তারা বিবাদমান দুইপক্ষকে একত্রে আলোচনায় বসাতে সম্ভাব্য সব চেষ্টা করবেন, তবে আলোচনার কাঠামো কী হবে তা চূড়ান্ত করবে তেহরান ও ওয়াশিংটন৷
উল্লেখ্য, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির উপর হুমকি হিসেবে দেখা দিয়েছে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা৷ ইরান যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার দাবি করেছে৷ তবে এই বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি যদিও ইসলামাবাদ এই ব্যাপারে সমাধান পাবে বলে আশাবাদী৷
এআই/এসএসজি
কুষ্টিয়ায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
বাংলাদেশের কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে আস্তানায় হামলা চালিয়ে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামের এক পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এ সময় আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷ স্থানীয় সময় শনিবার দুপুরে ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে৷
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়ে, তাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া রয়েছে৷ কিন্তু ভিডিওটি অনেক আগের৷ ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ সেখানে হামলা চালায়৷ ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ কম ছিল৷ এ জন্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ তাকে পিটিয়ে মেরে ফেলেছে৷’’
শামীম রেজা এর আগে ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন৷ পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন৷ ২০২১ সালের মে মাসে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল৷ তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়৷ দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করে ছিলেন বলে অভিযোগ রয়েছে৷
এআই/এসএসজি (প্রথম আলো)
যুক্তরাষ্ট্র ও ইরান কোন কোন বিষয়ে সমঝোতায় পৌঁছাতে চাচ্ছে?
লেবাননে ইসরায়েলের আক্রমণ বন্ধের দাবি ছাড়াও আরো কয়েকটি ইস্যু নিয়ে পাকিস্তানে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় উত্তাপ ছড়াতে পারে৷ এগুলোর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ৷
- তেহরান চায় ওয়াশিংটন ইরানের উপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক৷ মার্কিন যুক্তরাষ্ট্র এব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে৷ তবে এটি নির্ভর করছে ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কতটা সাড়া দেবে তার উপর৷
- হরমুজ প্রণালীতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় ইরান যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারকারীদের কাছ থেকে ‘ট্রানজিট ফি’ আদায় করতে পারে দেশটি৷ তবে ওয়াশিংটন চায় প্রণালীটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকুক৷
- পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তির সামঞ্জস্য ইস্যুতে ওয়াশিংটন এবং তেহরানের দ্বিমত রয়েছে৷ ইরান চায় সংশ্লিষ্ট অঞ্চল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিক যুক্তরাষ্ট্র এবং ভবিষ্যতে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিক৷ তবে শান্তি চুক্তি না হওয়া অবধি ইরানের আশেপাশে মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত রাখতে চান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় ইরান নিজেদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির ইতি টানুক এবং ক্ষেপণাস্ত্রের মজুত নাটকীয়ভাবে কমিয়ে আনুক৷ তবে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায় এবং ক্ষেপণাস্ত্র কমানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে৷
এআই/এসএসজি (এএফপি, এপি)
কার্যকারিতা হারাল গুম, গণভোটসহ ১৬ অধ্যাদেশ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট করার জন্য অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গণভোট অধ্যাদেশসহ গুম প্রতিরোধে জারি করা অধ্যাদেশ, পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে জারি করা অধ্যাদেশ এবং ১৩টি অন্যান্য অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা অননুমোদন কোনোটাই করেনি জাতীয় সংসদ। ফলে এই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে।
সবগুলো অধ্যাদেশ পাস করতে না পারায় সরকারের বিরুদ্ধে ঐকমত্য ভঙ্গ ও আস্থা সংকটের অভিযোগ জানায় জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট। এরপর গতকাল শুক্রবারের অধিবেশনের শেষের দিকে তারা ওয়াকআউট করে।
এদিকে, গণভোট অধ্যাদেশ কার্যকারিতা হারানোর ফলে গণভোট নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও বিরোধী দল বলে আসছিল, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারির ভিত্তি জুলাই গণ–অভ্যুত্থান এবং জনগণের গাঠনিক ক্ষমতা।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ৩১ মার্চ সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-কে অন্তর্বর্তী সরকারের ‘অন্তহীন প্রতারণার দলিল’ ও ‘জাতীয় প্রতারণা’ আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘‘এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ।’’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন, অর্থাৎ গত ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়। এতে 'হ্যাঁ' পক্ষ জয়ী হয়েছে। তবে বিএনপির সংসদ সদস্যরা গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন।
এআই/এসএসজি (প্রথম আলো, দ্য ডেইলি স্টার)
হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-র জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছেও তা অতিক্রম করতে পারেনি৷
ইরান যুদ্ধের কারণে প্রায় ৪০ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে বুধবার সকালে সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙর এলাকা ত্যাগ করে জাহাজটি৷ তবে বৃহস্পতিবার রাতে প্রণালীর কাছে পৌঁছে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে তিনি জানান, জাহাজটি এখন নিরাপদ স্থানে অপেক্ষা করবে৷ সরকার কূটনৈতিক মাধ্যমে নিরাপদ পারাপারের চেষ্টা চালাবে৷ মাহমুদুল মালেক বলেন, রোববার বা সোমবারের মধ্যে ট্রানজিট অনুমতি পাওয়া যেতে পারে৷
জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন৷ এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যায়৷ যুদ্ধের কারণে উপসাগরে আটকে পড়ে৷
জাহাজটির প্রধান প্রকৌশলী মো. রাশেদুল আলম জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে হরমুজ প্রণালি থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছে ভিএইচএফ রেডিওর মাধ্যমে দুবার ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়৷ প্রথম দুবার ব্যর্থ হলেও তৃতীয়বার যোগাযোগ করা সম্ভব হয়৷ কিন্তু পারাপারের অনুমতি চাওয়া হলে ইরানি কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়৷ এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার গিয়ে স্থানীয় সময় ভোর ৩টার দিকে নোঙর করে৷
রাশেদুল আলম বলেন, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালী থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে একটি নোঙরস্থলে অবস্থান করছে এবং দ্রুত অনুমতিসাপেক্ষে পারাপারের অপেক্ষায় রয়েছে৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
জার্মানিতে ইসরায়েলি রেস্তোরাঁয় হামলা
জার্মানির মিউনিখ শহরের একটি ইসরায়েলি রেস্তোরাঁয় গতরাতে (বৃহস্পতিবার)কয়েকটি জানালা ভেঙে ভেতরে আতশবাজি নিক্ষেপ করা হয়৷ হামলায় কেউ আহত হয়নি, তবে রেস্তোরাঁটির কয়েক হাজার ইউরোর ক্ষতি হয়েছে৷
পুলিশ এবং রেস্তোরাঁর কর্তৃপক্ষ মনে করছে, এ হামলার নেপথ্যে কাজ করেছে ইহুদিবিদ্বেষ৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ নিয়ে কাজ করে- পুলিশের এমন সংস্থা পোলিৎসাইলিশার স্টাটশুটস এ হামলার তদন্ত করছে৷
বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে মিউনিখের মাক্সফোরস্টাড এলাকায় তিনটি বিকট শব্দ হওয়ার খবর জানিয়ে পুলিশের জরুরি বিভাগে ফোন করা হয়৷
ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ জানায়, ‘‘জানালাগুলো জোর করে ভাঙা হয়েছে এবং রেস্তোরাঁর ভেতরে আতশবাজি নিক্ষেপ করা হয়েছে৷’’
৭০ আসনের রেস্তোরাঁটির পরিচালকরা সংবাদসংস্থা ডিপিএকে জানান, এই ঘটনার আগে তারা সরাসরি কোনো হুমকি পাননি৷ রেস্তোরাঁর মালিকের শ্যালক এবং রেস্তোরাঁর কর্মচারী গ্রিগোরি দ্রাতভা বলেন, ‘‘ভয় পাবো না৷ আমরা আবার (রেস্তোরাঁ) খুলছি৷’’
এসিবি/ জেডএইচ (ডিপিএ)
ইরানে যুদ্ধ: লেবাননের সঙ্গে 'যত তাড়াতাড়ি সম্ভব' আলোচনায় বসবে ইসরায়েল
বুধবার লেবাননের উপর ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য তিনি তার মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহুর অফিস থেকে একটি বিবৃতিতে জানানো হয়, 'লেবানন লাগাতার ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার মন্ত্রিসভাকে এই আলোচনার উদ্যোগ নিতে বলেছি।" হেজবোল্লাকে দুর্বল করেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপন সম্ভব বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, হেজবোল্লার পক্ষ থেকে বলা হয়েছে, সম্পূর্ণ অস্ত্রবিরতিই এই আলোচনার একমাত্র শর্ত হতে পারে। তাদের নেতা আলী ফায়াদ বলেছেন, আলোচনায় বসার আগে লেবাননের উচিত অস্ত্রবিরতি দাবি করা। তিনি আরো জানান, ইসরায়েলকে লেবাননের সীমান্ত থেকে সেনা সরাতে হবে যেন সাধারণ মানুষ নিজের বাড়িতে ফিরে যেতে পারে।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
হরমুজ প্রণালীতে 'শুল্ক' বসালে ভুল করবে ইরান, জানালেন ট্রাম্প
সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে ইরানের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে শুল্ক বসালে ইরান সঠিক কাজ করবে না বলে জানান তিনি।
তিনি লেখেন, "রিপোর্টে বলা হচ্ছে, হরমুজ থেকে তেলের ট্যাংকার চলাচলের জন্য শুল্ক বসাচ্ছে ইরান। আমি আশা করব তারা এমন কাজ করবে না। আর শুল্ক বসালেও তাদের এখনই তা বন্ধ করতে হবে।"
আরেকটি পোস্টে তিনি বলেন, খুব তাড়াতাড়ি জ্বালানি আসবে এবং ইরানের মুখাপেক্ষী না হয়েও ওয়াশিংটন সেই জ্বালানি পাবে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান এবং অ্যামেরিকা যৌথ ভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের শুল্ক নিতে পারে। তবে ইরান এই দাবি সম্পর্কে কোনো নিশ্চিতকরণ করেনি।
ট্রাম্প এদিন আরো লেখেন, হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরান সদর্থক ভূমিকা নিচ্ছে না এবং চুক্তি অনুযায়ী কাজ করছে না।
অ্যামেরিকার সঙ্গে শান্তি আলোচনার আগে বুধবার থেকে ইরান হরমুজের একাংশ খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলো।
এসসি/ জিএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
বগুড়া-৬, শেরপুর-৩ উপনির্বাচনে জয়ী বিএনপি প্রার্থী
বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা)। তবে সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবারের নির্বাচনে তিনি ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে (সোহেল) পরাজিত করেন। অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। তিনি ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনটি জেতেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও জয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হলো। অন্যদিকে, গত নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে তার ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে দল।
দুটি কেন্দ্রে হারের পর নির্বাচনকে ‘প্রহসনমূলক’ বলেন জামায়াতের নেতারা।
এসসি/ জিএইচ (প্রথম আলো)
পশ্চিমবঙ্গে ভোটের আগে ফের পুলিশে রদবদল
রাজ্য পুলিশে ফের বদল আনল নির্বাচন কমিশন। মোট ৮১ জন ইন্সপেক্টরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সরানো হলো ৬৮ জন সাব-ইন্সপেক্টরকেও। এরা ভোটের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়েছে কমিশন।
অন্যদিকে, কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিতে বলে কমিশন। এই পুলিশ কর্তা অবশ্য শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
কমিশন এক বিজ্ঞপ্তিতে এই ৮১ জন ইনস্পেকটরকে নতুন দায়িত্ব দিয়েছে। শুক্রবার বিকেল ৫টার মধ্যে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এই পুলিশ আধিকারিকরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ভোটের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। এই মর্মে তাদের মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
রাজ্যে ভোট ঘোষণার পরেই সরকারি আমলা এবং পুলিশে ব্যাপক পরিবর্তন আনে নির্বাচন কমিশন। বদলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব, কমিশনার এবং ডিজিদেরও।
ফ্রান্সের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের ডিঙি নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু
আজ বৃহস্পতিবার ভোরে একটি ডিঙি নৌকা ফ্রান্সের উপকূলে ইংলিশ চ্যানেলে ডুবে গেলে চার জন মারা যান৷
কর্তৃপক্ষ জানিয়েছে, ডিঙি নৌকায় ওঠার চেষ্টা করার সময় প্রবল স্রোতে ভেসে ওই চারজনের মৃত্যু হয়৷ বুলোঁ উপকূলের কাছে ইকুইহেন-প্লাজ এবং হার্ডেলট-প্লাজের মাঝামাঝি অঞ্চলে এ ঘটনা ঘটে৷
পাস-ডি-কালাইস অঞ্চলের প্রিফেক্ট ফ্রাঁসোয়া-হাভিয়ের লাউশ সাংবাদিকদের বলেন, ‘‘আজ সকালে দুঃখের সঙ্গে আমরা চারজনের মৃত্যুর খবর জানাচ্ছি৷ মৃত ব্যক্তিরা একটি ট্যাক্সি-বোটে ওঠার চেষ্টা করছিলেন৷’’
নৌকাডুবির পর ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷
এসিবি জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ২০৩
বুধবার লেবাননের রাজধানী বৈরুটসহ কয়েকটি স্থানে চালানো ইসরায়েলের বিমান হামলায় ২০৩ জন নিহত এবং এক হাজার জনেরও বেশি আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন৷
আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন বলেন, ‘‘বুধবার লেবাননের ওপর চালানো আগ্রাসনে মৃতের সংখ্যা ২০৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক হাজার জনেরও বেশি৷’’
বুধবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই কোনো পূর্ব সতর্কতা ছাড়া বৈরুটের ব্যস্ত বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালায় ইসরায়েল৷ ইরান মনে করে, ঘোষিত যুদ্ধবিরতি লেবাননে হেজবোল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান অভিযানের ক্ষেত্রেও প্রযোজ্য৷ তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লেবাননে ইসরায়েলের অভিযানকে ‘পৃথক সংঘর্ষ’ বলে অভিহিত করেছেন৷ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিষয়টিকে বর্ণনা করেছেন ‘যৌক্তিক ভুল বোঝাবুঝি’ হিসেবে৷
হেজবোল্লাহ ইসরায়েলকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দায়ে অভিযুক্ত করেছে৷ তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশের বাহিনী ইরান-সমর্থিত হেজবোল্লাহর ওপর ‘যেখানে প্রয়োজন’ সেখানেই হামলা চালিয়ে যাবে৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু লিখেছেন, ‘‘আমরা শক্তি, নির্ভুলতা এবং দৃঢ়তার সঙ্গে হেজবোল্লাহর ওপর আঘাত হানা অব্যাহত রাখছি৷ আমাদের স্পষ্ট বার্তা- যে-ই ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের ওপর আঘাত হানবো৷’’
এসিবি জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে৷
নিহত নেতার নাম মো. শামীম৷ সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি৷ তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়৷ ৪০ বছর বয়সি আওয়ামী লীগের এ নেতাকে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে৷ তবে তাদের নাম–পরিচয় প্রকাশ করেনি পুলিশ৷
পুলিশের দাবি, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে৷
নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, গতকাল তার ভাই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন৷ রাত সাড়ে ১০টার দিকে কিছু লোক এসে তার ভাইকে সেখান থেকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়৷ এরপর বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে৷ প্রায় ১৫ দিন আগে এলাকার ইরান নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিবাদ হয়েছিল৷ এ বিবাদ থেকে এ ঘটনা ঘটতে পারে৷
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে৷ নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় রাতেই পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)