৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে : শুভেন্দু অধিকারী
৮ জুন ২০২৬
মে মাসে নির্বাচনে বিপুল জয় নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে নরেন্দ্র মোদীর হিন্দু-জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)৷ ১০ কোটিরও বেশি জনসংখ্যার এই পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী রাজ্যে নির্বাচনি প্রচারণার সময়ই দলটি অবৈধ অভিবাসীদের ‘শনাক্ত, তালিকা থেকে বাদ এবং বহিষ্কার' করার প্রতিশ্রুতি দিয়েছিল৷ তারই ধারাবাহিকতায় রাজ্যে ক্ষমতায় আসার পর নথিপত্রহীন বাংলাদেশি এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটকে রাখার জন্য বিশেষ কেন্দ্র (ডিটেশন সেন্টার) স্থাপনের নির্দেশ দেয় বিজেপি সরকার৷
গতকাল রোববার কলকাতায় পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-র আওতায় না আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ শুরু করেছি৷'' তিনি জানান, মে মাসে ‘‘রাজ্যের সব জেলায় হোল্ডিং সেন্টার স্থাপন করেছে সরকার৷'' তিনি আরো বলেন, ‘‘এই কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৪,৮০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে৷'' ‘‘বর্তমানে ৮৩৬ জন এই আটক কেন্দ্রগুলোতে রয়েছেন'' জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরা এই ৮৩৬ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি৷''
এসিবি/ জেডএইচ (এএফপি)