পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি
২৩ এপ্রিল ২০২৬
প্রথম দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে ভোট নেয়া হয় বৃহস্পতিবার৷ এই পর্যায়ে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজারের বেশি৷ এর মধ্যে পুরুষ ভোটার প্রায় এক কোটি ৮৫ লক্ষ৷ মহিলা ভোটারের সংখ্যা এক কোটি ৭৫ লক্ষের বেশি৷ ভোট নেয়া হয় সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত৷
বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৯০ শতাংশ পার করেছে৷ বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ আসনে৷ ভোটদানের হার ৯৫.৩৪ শতাংশ৷
বিক্ষিপ্ত অশান্তি
নির্বাচন কমিশন ভোটগ্রহণকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল৷ মোট ২৪০৭ কোম্পানি বাহিনী ছিল ১৬টি জেলায়৷ বুথের ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া কারো প্রবেশ নিষিদ্ধ ছিল৷ তবু বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে৷ সবচেয়ে নজরকাড়া দুটি ঘটনা হয়েছে মুর্শিদাবাদের নওদা ও দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে৷
হুমায়ুনের গাড়ি ভাঙচুর
মুর্শিদাবাদের নওদা কেন্দ্রে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে৷ ১৭২ নম্বর বুথে আমজনতা উন্নয়নের প্রার্থী হুমায়ুন কবীরের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ৷ হুমায়ুন বুথে গেলে চরম উত্তেজনা৷ গো ব্যাক স্লোগান দেয়া হয় তাকে৷ দুই শিবিরের মধ্যে ধস্তাধস্তি হয়৷ এক সময়ে রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন৷
নওদার শিবনগর এলাকা থেকে হুমায়ুন বেরোনোর চেষ্টা করার সময়ে তাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ৷ তার কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইট ছোড়ার অভিযোগ ওঠে৷ হুমায়ুনের গাড়ির সামনে বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে দাবি৷ কেন্দ্রীয় বাহিনীর চেষ্টায় শেষে বিক্ষোভস্থল থেকে বেরোন হুমায়ুন৷
প্রার্থীর দৌড়
উত্তরবঙ্গের কুমারগঞ্জে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার৷ চালুন পঞ্চায়েত এলাকায় পোলিং এজেন্টকে বাধা দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতীরা তাকে মারধর করে বলে অভিযোগ৷ ভাঙচুর করা হয়েছে তার গাড়ি৷ সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে দিয়ে ছুটছেন শুভেন্দু৷ পুলিশের সামনেই তাকে মারধর করছে কয়েকজন৷ এই ভিডিও ফুটেজে যে হামলাকারীদের দেখা যাচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে৷ তৃণমূল এই ঘটনায় অভিযুক্ত হলেও তারা অভিযোগ অস্বীকার করেছে৷
মাথা ফাটল এজেন্টের
বীরভূমের লাভপুরে এজেন্টকে আক্রমণ৷ মাথা ফাটল বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের৷ আক্রান্ত এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল তৃণমূলের দিকে আঙুল তুলেছেন৷ শাসক দল অভিযোগ খারিজ করেছে৷ মালদার চাঁচলে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে৷ তার গাড়ির কাচ ভেঙেছে৷ এজেন্টকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷
ভোট বেহাত
নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় মৃত, স্থানান্তরিত ভোটারদের বাদ দিয়েছে৷ তবু ফলস ভোটিংয়ের অভিযোগ উঠেছে৷ শিলিগুড়ির ২৩৫ নম্বর বুথে এক তরুণী ভোট দিতে এসে দেখেন, তার ভোট পড়ে গিয়েছে৷
অভিযোগে চাপানউতোর
শাসক থেকে বিরোধী প্রার্থীরা দিনভর নানা অভিযোগ তুলেছে৷ মালদার মালতীপুরের ২২১ নম্বর বুথে জানলা খোলা রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের মৌসুম নুরের৷ কোচবিহারের তুফানগঞ্জে পুলিশ-তৃণমূল ঝামেলা হয়৷ বাঁকুড়ার কোতুলপুরে কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকে ভাঙচুর করেছে বলে অভিযোগ তৃণমূল সমর্থকদের৷ উত্তর দিনাজপুরের চোপড়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে৷
পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল প্রার্থীকে শুনতে হয়েছে চোর স্লোগান৷ মুর্শিদাবাদের রানিনগরে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ কোচবিহার দিনহাটার আইসি বুধাদিত্য রায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ৷ এই জেলার সিতাইয়ে বিজেপির এজেন্ট ছুরিকাহত হয়েছেন৷
ইভিএমে গন্ডগোল ও কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়ে বহু অভিযোগ উঠেছে৷ ভোট শুরুর সাত ঘণ্টার মধ্যে শাসক দল ৭০০ অভিযোগ দায়ের করে কমিশনে৷
ইভিএমে কারচুপির অভিযোগে গন্ডগোল বীরভূমে৷ মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় খয়রাশোল ব্লকের বুধপুর গ্রাম৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি৷
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভোটকেন্দ্রের কাছে জমায়েতের অভিযোগ৷ ঝাড়গ্রামের বিনপুরে ঝালমুড়ি বিলির অভিযোগ তৃণমূল ও বিজেপি দুই দলের বিরুদ্ধেই৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ঝালমুড়ি বিলি করা হয়েছে৷ মুর্শিদাবাদের ডোমকলের সিপিএম সমর্থকদের বাড়িতে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷
মোটের ওপরে শান্তিপূর্ণ
ডিডাব্লিউর প্রতিনিধি গৌতম হোড় নন্দীগ্রাম কেন্দ্র থেকে জানিয়েছেন, প্রচণ্ড কঠোর নিরাপত্তায় ভোট নির্বিঘ্নে হয়েছে৷ বুথের ভিতরে ছিল কেন্দ্রীয় বাহিনী৷ বুথের বাইরে ছিল পুলিশ৷ কোনো অভিযোগ পেলে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছেছে দ্রুত৷ ভোর সাড়ে ছয়টার সময়েই দেখা গিয়েছে ৫০ জন ভোটারের লম্বা লাইন৷ সাতটায় ভোটগ্রহণ শুরুর পরে লাইন দীর্ঘ হয়েছে৷ প্রচণ্ড গরম বলে মানুষ সকাল-সকাল ভোট দিতে এসেছেন৷ সেই কারণে ভোটদানের হার দুপুর অবধি বেশি ছিল৷ সংখ্যালঘু এলাকাতেও মানুষ ভিড় করেছেন বুথে বুথে৷ ভোট উপলক্ষে এলাকায় বনধের চেহারা৷ কয়েকটা ওষুধ, মিষ্টির দোকান খোলা ছিল৷ ভাতের হোটেলে ভিড়৷ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে সকালে ভোট দেয়ার পরে নিশ্চিন্তে বসে থাকতে দেখা গেল৷ বলেন, ‘‘মানুষ ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে৷ আমার তো তৃণমূলে সংগঠন আছে, তাই চিন্তা নেই৷''
ডিডাব্লিউর প্রতিনিধি স্যমন্তক ঘোষ কোচবিহার থেকে জানিয়েছেন, জেলায় স্পর্শকাতর এলাকাতেও ভোট শান্তিপূর্ণ৷ ১৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গোটা জেলায় মোতায়েন করা হয়েছিল৷ বিপুল হারে ভোট পড়ছে৷ লম্বা লাইন দেখা গিয়েছে বুথে বুথে৷ এই ভিড়ে দেখা গিয়েছে অনেক পরিযায়ী শ্রমিককে৷ তারা ভোট দেয়ার জন্য বাড়ি এসেছেন৷ এসআইআরের পরে এই প্রথম ভোট দেয়ার তাগিদ তালিকায় নাম টিকিয়ে রাখার তাগিদে, এমনটাই বলেছেন অনেকে৷
ডিডাব্লিউর প্রতিনিধি শময়িতা চক্রবর্তী পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর কেন্দ্র থেকে জানিয়েছেন, এই কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে৷ সকালে কয়েকটি বুথে ইভিএমে গোলযোগ হয়৷ এখানকার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার অভিযোগ করেন, তিনি যেখানে ভোট দিতে গিয়েছিলেন, সেই চত্বরে বিজেপির পতাকা লাগানো ছিল৷ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের জবাব, পতাকা লাগানো নিয়মবিরুদ্ধ হলে খুলে নেয়া হবে৷ বিজেপি প্রার্থীর উদ্দেশে একটি জায়গায় জয় বাংলা স্লোগান দেয়া হয়৷
ভোট দিতে গিয়ে মৃত্যু
পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কেশপুর, বীরভূমের সিউড়ি ও মালদার মালতীপুরে ভোট দিতে গিয়ে মৃত্যু হয়েছে চার জনের৷ গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন এই ভোটাররা৷
ভোট নিয়ে প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন কৃষ্ণনগরের জনসভায় বলেন, ‘‘গত ৫০ বছরে এত কম হিংসা কোনো ভোটে হয়নি৷ নির্বাচন কমিশন সফল হয়েছে৷'' কংগ্রেস নেতা ও বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন৷ এবার ভোট চলাকালীন পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সল্টলেকে বিজেপির ওয়ার রুমে ছিলেন তিনি৷
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেন, ‘‘এসআইআরের প্রথম পর্যায়ে যে নাম বাদ গিয়েছে, তার ফলে ভোটটা বেড়ে যাচ্ছে৷ এর পরে মানুষের মধ্যে চিন্তা এসেছে যে আমার ভোটটা আমাকে দিতেই হবে৷ একটা ভয়ও আছে, ভোট না দিলে যদি আবার নামটা ভোটার লিস্টে কেটে যায়৷''
তিনি বলেন, ‘‘সাধারণভাবে যখনই এত বেশি হারে ভোট পড়ে, তখন অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর হয়ে ওঠে৷ মুসলমান প্রধান এলাকাতে যাদের ভোট আছে তারা তো ভোট দেবেনই, কারণ তারা অনেক কষ্টে এসআইআর-এ নাম তুলেছেন৷ এই ভয়টা একটা সাধারণ মানুষের মধ্যে আছে৷ আর আজকে যেখানে ভোট হয়েছে, সেখানে একটা বড় অংশ ছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকা৷ সুতরাং ভোটের হার স্বাভাবিক ভাবে বাড়বে৷ শাসক দলের একটা ফিক্সড ভোট আছে, কিন্তু মূল ভোটটা যাচ্ছে বিজেপির দিকে৷ মুসলিম অধ্যুষিত এলাকায় এটা যাবে তৃতীয় পরিসরে৷''
রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী ডিডাব্লিউকে বলেন, ‘‘মানুষের স্বতঃস্ফূর্ত যে যোগদান, যদি শান্তিপূর্ণ না হতো তাহলে মানুষ আসতে পারত না৷ শান্তিপূর্ণ ভোট হয়েছে, মানুষ ভরসা পেয়েছে যে, এই নির্বাচনে এগিয়ে আসা উচিত, আমার কোনো বিপদ ঘটবে না৷ গুন্ডারা সেভাবে দৌরাত্ম্য দেখাতে পারেনি৷''