সরানো হলো মেসির ভাস্কর্য
২ জুন ২০২৬
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় মেসির ২১ মিটার (৭০ ফুট) উঁচু ভাস্কর্যটি নামানোর কাজে সোমবার হাইড্রোলিক ক্রেন ও দড়ি ব্যবহার করা হয়৷ তারপর খোলা ফ্ল্যাটবেড ট্রাকে করে তা সরিয়ে নেওয়া হয়৷ এএফপি-র প্রতিনিধি তখন সেখানে ছিলেন৷
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়ক শারদ্বত মুখার্জি এএফপিকে বলেন, ‘‘স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন ভাস্কর্যটি বাতাসের তোড়ে দুলছে৷ সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার বিকেলে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়৷'' তিনি জানান, কর্তৃপক্ষ নতুন কোনো স্থান নির্ধারণ না করা পর্যন্ত ভাস্কর্যটি একটি সরকারি গুদামে রাখা হবে৷
সোনালি রঙের ভাস্কর্যটিতে ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন ও ইন্টার মায়ামি তারকা মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে ধরতে দেখা যায়৷ গত ডিসেম্বরে মেসির বহুল আলোচিত ‘GOAT' (সর্বকালের সেরা) সফরের সময় তা উন্মোচন করা হয়৷
জানা গেছে, মেসির এ ভাস্কর্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় তৈরি ও স্থাপন করা হয়েছিল৷ তবে সদ্য নির্বাচিত বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক নির্বাচনের পর ভাস্কর্যটিকে ‘কুৎসিত' আখ্যা দিয়ে এর সমালোচনা করেছিলেন৷
এসিবি/ জেডএইচ (এএফপি)