1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে নারীদের পুরুষ এড়ানোর পরামর্শ ও ভুল স্বীকার

২২ এপ্রিল ২০২৬

নিরাপত্তার স্বার্থে নারীদের পুরুষ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন জার্মানির এক পুলিশ সমিতির প্রধান ডার্ক পেগলাও৷ এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, নারীদের কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোই ভালো৷

https://p.dw.com/p/5CfMN
নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতীকী ছবি
জার্মানিতে ২০২৫ সালে নারীদের বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যান নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন ফেডারেল অ্যাসোসিয়েশন অফ জার্মান ডিটেকটিভস (বিডিকে)-র প্রধান ডার্ক পেগলাও৷ পরিসংখ্যানে দেখা যায়, জার্মানিতে নারীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে৷ ধর্ষণ, যৌন নিপীড়ন এবং বিশেষভাবে গুরুতর প্রকৃতির অপরাধ বা মৃত্যুর কারণ হওয়া যৌন অপরাধ ৮.৫% বেড়েছে৷ছবি: Karl-Josef Hildenbrand/dpa/picture alliance

সোমবার জার্মানিতে ২০২৫ সালে নারীদের বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যান নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন ফেডারেল অ্যাসোসিয়েশন অফ জার্মান ডিটেকটিভস (বিডিকে)-র প্রধান ডার্ক পেগলাও৷ পরিসংখ্যানে দেখা যায়, জার্মানিতে নারীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে৷ ধর্ষণ, যৌন নিপীড়ন এবং বিশেষভাবে গুরুতর প্রকৃতির অপরাধ বা মৃত্যুর কারণ হওয়া যৌন অপরাধ ৮.৫% বেড়েছে৷

সরকারি সম্প্রচারমাধ্যম জেডডিএফ-এর উপস্থাপিকা দুনিয়া হায়ালি জানতে চেয়েছিলেন এই পরিস্থিতে নারীদের প্রতি কী পরামর্শ? জবাবে পেগলাও বলেন, ‘‘কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোই ভালো৷'' সঙ্গে আরো যোগ করেন, ‘‘যদি জড়ান, তাহলে মানসিক বা শারীরিক সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকবে৷''

জেডডিএফ-কে দেয়া একই সাক্ষাৎকারে বিডিকে প্রধান এ কথাও জানান যে, ২০২৪ সালেও পরিস্থিতি মোটেই ভালো ছিল না৷ তিনি বলেন, ‘‘পরিসংখ্যান অনুযায়ী, (২০২৪ সালে) প্রতিদিন অন্তত দুজন নারী হত্যাকাণ্ড বা হত্যাচেষ্টার শিকার হতেন৷ যৌন অপরাধের ক্ষেত্রেও চিত্রটা একই রকম ছিল৷''

দুনিয়া হায়ালি (ফাইল ফটো)
দুনিয়া হায়ালি জানিয়েছেন, ডার্ক পেগলাও-র সাক্ষাৎকার নেয়ার পর থেকে তিনি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন৷ ফোকাস অনলাইনকে তিনি জানান, পেগলাওকেও হুমকি দেয়া হচ্ছে৷ দুনিয়া হায়ালি বলেন, ‘‘এমন কিছু পুরুষ আছেন, যারা নারীদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির বিষয়টির সমালোচনা না করে বরং আমাকে সাক্ষাৎকার দেয়া ব্যক্তি এবং আমার বিরুদ্ধে সহিংস কল্পনা ও সহিংসতার হুমকি প্রকাশ করেন৷''ছবি: Patrick Pleul/dpa/picture alliance

বিতর্কের জন্ম দিয়ে ভুল স্বীকার

আজ বুধবার জার্মানির বহুল প্রচারিত দৈনিক বিল্ড-কে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য দু' দিন আগের বক্তব্যের ভুল স্বীকার করেছেন ডার্ক পেগলাও৷ তিনি বলেন, ‘‘আমার মন্তব্যটি স্পষ্টতই অতিরঞ্জিত ছিল৷ তবে তা আক্ষরিক অর্থে গ্রহণ করার মতো কোনো পরামর্শ হিসেবে বলা হয়নি৷'' পুরুষদের এড়িয়ে চলা যে সমস্যার কোনো সমাধান হতে পারে না তা বোঝাতে গিয়ে তিনি আরো বলেন, ‘‘অধিকাংশ পুরুষই সহিংস নন এবং অপরাধীও নন৷''

এদিকে দুনিয়া হায়ালি জানিয়েছেন, ডার্ক পেগলাও-র সাক্ষাৎকার নেয়ার পর থেকে তিনি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন৷ ফোকাস অনলাইনকে তিনি জানান, পেগলাওকেও হুমকি দেয়া হচ্ছে৷ দুনিয়া হায়ালি বলেন, ‘‘এমন কিছু পুরুষ আছেন, যারা নারীদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির বিষয়টির সমালোচনা না করে বরং আমাকে সাক্ষাৎকার দেয়া ব্যক্তি এবং আমার বিরুদ্ধে সহিংস কল্পনা ও সহিংসতার হুমকি প্রকাশ করেন৷''

জেডডিএফকে দেয়া সাক্ষাৎকারে ডার্ক পেগলাও ২০২৫ সালের অপরাধ সংক্রান্ত যে পরিসংখ্যান দিয়েছেন জার্মানির গণমাধ্যমে তা আলোড়ন সৃষ্টি করেছে৷ পরিসংখ্যানে দেখা যায়, বিদেশিদের দ্বারা সংঘটিত অপরাধের হার অনেক বেশি৷

তবে ধর্ষণ এবং যৌন নিপীড়নসহ সহিংস অপরাধ বাড়লেও পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে সামগ্রিকভাবে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৪.৪% কমেছে৷

টিমোথি জোন্স/ এসিবি