ইরান যুদ্ধের প্রভাবে আবার দারিদ্র্যের শঙ্কায় কোটি মানুষ
প্রকাশিত ১৩ এপ্রিল ২০২৬শেষ আপডেট ২৩ এপ্রিল ২০২৬
আপনার যা জানা দরকার
- ইরান যুদ্ধের প্রভাবে আবার দারিদ্র্যের শঙ্কায় কোটি মানুষ : জাতিসংঘ
- ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা: রুমিন ফারহানা
- ইসরায়েলের হামলায় নিহত সাংবাদিক আমাল খলিল
- হরমুজে ইরানের নিয়ন্ত্রণ আরো জোরদার
- সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- ২০২৫ সালে ইইউতে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ২১ লাখ বেড়েছে
- শান্তি আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প
- বিস্ফোরক মামলায় শিশু সন্তানসহ আটক যুব মহিলা লীগ নেত্রী জামিনে মুক্ত
- এক হাজার ইউরো বোনাসের সময়সীমা বাড়ালো জার্মান সরকার
- ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাংলাদেশি যুবক নিহত
ইরান যুদ্ধের প্রভাবে আবার দারিদ্র্যের শঙ্কায় কোটি মানুষ : জাতিসংঘ
জাতিসংঘের উন্নয়ন প্রধান আলেকজান্ডার ডি ক্রু বলেছেন, ইরান যুদ্ধের প্রভাবে ৩০ মিলিয়ন, অর্থাৎ তিন কোটিরও বেশি মানুষ আবার দারিদ্র্যের কবলে পড়বে৷ জ্বালানি ও সার সরবরাহে বিঘ্নের কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি আরো বলেন, এমন এক সময়ে এ ঘটনা (ইরান যুদ্ধ) ঘটছে, যখন উত্তর গোলার্ধের কৃষকরা শষ্য বীজ রোপণের জন্য গুরুত্বপূর্ণ মাসগুলোর দিন গুনছেন৷
বিশ্বের বেশিরভাগ সার উৎপাদিত হয় মধ্যপ্রাচ্যে৷ বিশ্বের বাকি অংশে সার পাঠানো তাই হরমুজ প্রণালীর ওপর অনেকাংশে নির্ভরশীল৷ ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ৷ এ কারণে সারের দাম বেড়েছে, সারের সরবরাহও কমেছে৷
বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, সারের এই ঘাটতির কারণে ইতোমধ্যে কৃষি উৎপাদনশীলতা কমে গেছে৷ চলতি বছরের শেষের দিকে ফসলের ফলনেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে৷ তিনি বলেন, ‘‘খাদ্য নিরাপত্তাহীনতা কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং এ ব্যাপারে তেমন কিছু করারও নেই৷’’ এ সময় জ্বালানির ঘাটতি এবং রেমিটেন্স কমে যাওয়ার শক্তার কথাও বলেন তিনি৷
জাতিসংঘের উন্নয়ন প্রধান আলেকজান্ডার ডি ক্রু মনে করেন, ‘‘এমনকি যুদ্ধ যদি আগামীকাল থেমেও যায়, এর যে প্রভাবগুলো ইতোমধ্যে দেখা যাচ্ছে, সেগুলো ৩০ মিলিয়নেরও বেশি মানুষকে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দেবে৷’’
চলতি মাসের শুরুর দিকে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কাছ থেকেও এসেছিল সতর্কবার্ত৷ তারা বলেছিল, ইরান যুদ্ধের প্রভাবে খাদ্যপণ্যের দাম বাড়বে এবং এর ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আরো সংকটে পড়বে৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা: রুমিন ফারহানা
গ্যাস বিতরণে বৈষম্যের অভিযোগ তুলে সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা৷
তিনি বলেন, আমার নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্প নগরী৷ এখানে আছে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, মিল, ফ্যাক্টরি, বন্দর৷ ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না৷’’
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন৷
রুমিন ফারহানা বলেন, ‘‘সরাইল সদরে দেড় কিলোমিটার এলাকায় ৬ ইঞ্চি এবং ১ কিলোমিটার এলাকায় ৪ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে গ্যাস সঞ্চালন লাইন টানা হয়েছে, এরপর পাড়ায় পাড়ায় ২ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে৷ সমস্যা হলো সকাল ৭টা থেকে দুপুর ২টার পর্যন্ত গ্যাসের চাপ থাকে না—চুলা মিটমিট করে জ্বলে৷ এরপর মন চাইলে গ্যাস আসে ১ ঘণ্টার জন্য, তারপর আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই৷ দেশে গ্যাসের সংকট আছে৷ তার ওপর শীতকালে গ্যাসের চাহিদা আরো বাড়ে৷ অন্যদিকে আছে অবৈধ সংযোগ৷’’
বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের বরাত দিয়ে তিনি বলেন, ‘‘লোকবলের অভাবসহ সংকটে তাদের পক্ষে পুরোপুরি তদারক করা সম্ভব হচ্ছে না৷’’
‘‘২০১৬ সালে বাসা-বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও অসাধু কর্মকর্তাদের সাহায্যে এখনো বেশ কিছু বাড়িতে গ্যাসের সংযোগ নিয়ে রেখেছে৷ সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং যাদের বাড়িতে বৈধ লাইন আছে, তারাও গ্যাস পাচ্ছে না৷ শেষে মাটির চুলা, এলপিজি সিলিন্ডার আর বৈদ্যুতিক চুলা ভরসা৷ আমাদের জীবনমানের এখন এমন উন্নয়ন হয়েছে, গ্রাম বা মফস্বল এলাকাতেও এখন মানুষ ফ্ল্যাট-পাকা বাড়িতে থাকে৷ উঠান এখন অনেকটাই বিলাসিতা৷ সুতরাং মাটির চুলায় রান্না করা বাস্তবতা বিবর্জিত,’’ যোগ করেন তিনি৷
রুমিন আরো বলেন, ‘‘লপিজি ১ হাজার ৯৪০ টাকা সিলিন্ডার বলে বটে, তবে ২ হাজার ২০০ টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না৷ আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি, তাহলে বলতে হয়, ঢাকা শহরে ১-২ ঘণ্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়ায়৷ সুতরাং গ্যাস ছাড়া আমাদের সত্যিকার অর্থে চুলা জ্বালানোর মতো জ্বালানি নেই৷’’
‘‘ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু দেশের অন্যান্য সব এলাকায় যায়, আমার দাবি থাকবে, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপর এটি অন্য এলাকায় যাবে৷’’
তিতাস গ্যাস ক্ষেত্রে ৩১ নম্বর কূপের খনন কার্যক্রম চলছে৷ আশা করা হচ্ছে, সেখান থেকে প্রতিদিন ৯ মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়া যাবে৷ এই কূপের গ্যাস প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে দেওয়ার দাবি জানান রুমিন ফারহানা৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার
ইসরায়েলের হামলায় নিহত লেবাননের সাংবাদিক আমাল খলিল
ইসরায়েল-হেজবোল্লাহ যুদ্ধের খবর সংগ্রহ করছিলেন তিনি৷ এক পর্যায়ে আশ্রয় নেন আল-তিরি গ্রামের এক বাড়িতে৷ সেই এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল৷ কয়েক ঘণ্টা পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন তার মরদেহ৷ লেবাননের দৈনিক আল-আখবার জানিয়েছে, নিহত সাংবাদিক ছিলেন তাদের প্রতিবেদক - নাম আমাল খলিল৷
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম হামলায় নিহত হয়েছিলেন দুজন৷ পরে আবার হামলা চালায় ইসরায়েল৷ তখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আল-তিরি গ্রামের ওই বাড়িটিতেও আঘাত হানা হয়৷ আমাল খলিল ও তার সহকর্মী জেইনাব ফারাজ আশ্রয় নিয়েছিলেন সেই বাড়িতে৷
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উদ্ধারকর্মীরা গুরুতর আহত ফারাজকে উদ্ধারের পর প্রথম বিমান হামলায় নিহত দুজনের মরদেহও উদ্ধার করেন৷ কিন্তু ইসরায়েলের বাহিনী তারপর উদ্ধারকারীদের ওপর গুলি চালানোয় তখন আর আমাল খলিলের কাছে যাওয়া সম্ভব হয়নি৷ হামলার অন্তত ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয় তার মরদেহ৷
লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দা আমাল খলিল ২০০৬ সাল থেকে আল-আখবারের হয়ে স্থানীয় খবর সংগ্রহ করছিলেন৷ তার সর্বশেষ প্রতিবেদনটি ছিল ইসরায়েলের সেনাবাহিনী অবস্থান করছে লেবাননের এমন গ্রামগুলোতে লেবানিজদের বাড়ি-ঘর ধ্বংস করা নিয়ে৷
আমাল খলিলের মৃত্যুর ফলে ২০২৬ সালে লেবাননে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো নয়৷
এসিবি/ জেডএইচ (এপি)
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ আরো জোরদার
দুটি জাহাজ আটক করে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরো জোরদার করেছে ইরান৷ ডনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য হামলা বন্ধের ঘোষণা দেয়ার পরই ইরান এ পদক্ষেপ নেয়ায় মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরার সম্ভাবনা নিয়েও দেখা দিয়েছে সংশয়৷
ট্রাম্পের পূর্ব ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ চলতি সপ্তাহের শুরুতে শেষ হওয়ার কথা ছিল৷ যদিও মঙ্গলবার শান্তি আলোচনার বিষয়ে ইরানের প্রস্তাব না আসা এবং তা নিয়ে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, ইরান এখনো তার কোনো ইতিবাচক জবাব দেয়নি৷
ইরানের কোনো কর্মকর্তা এখনো যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে সম্মতিও দেননি৷ বরং ট্রাম্প যে সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর অবরোধ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তার কঠোর সমালোচনা করেছে ইরান৷ সে দেশের সংসদের স্পিকার এবং মধ্যস্থতায় প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, অবরোধ তুলে নেওয়া হলেই কেবল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হবে৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, যুদ্ধবিরতির এমন ‘প্রকাশ্য লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালী খুলে দেওয়া অসম্ভব৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
পঞ্চগড় সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো৷
আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্ত থেকে ভারতীয় ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে গেছেন বলে জানা গেছে৷
ওই দুই কিশোর হলো পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)৷ তারা দুজন ওই সীমান্ত এলাকায় চা–বাগানে বেড়াতে এসেছিল বলে জানা গেছে৷
বিজিবি ও স্থানীয় লোকজনকে সূত্র হিসেবে উল্লেখ করে করে প্রথম আলো জানায়, বেলা ১১টার দিকে মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্তঘেঁষা এলাকায় স্বজনের বাড়িতে বেড়াতে এসে সীমান্তে চা–বাগান দেখতে যায় ইন্দ্র ও উদয়৷ এ সময় তারা সীমান্তের ৪১৭ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করে ভারতের মীরগঞ্জ এলাকায় চলে গেলে ভারতীয় মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান৷ খবর পেয়ে বিজিবির মীরগড় বিওপির (কোম্পানির) সদস্যরা বিএসএফের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ফেরত চেয়েছেন৷
বিজিবির মীরগড় বিওপি (কোম্পানি) সূত্রে জানা যায়, সাক্ষাতের পর ওই কিশোরদের ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ পরে জানাবে বলেছে৷
আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রাতি রানী বলেন, ‘‘ওরা দুজন (দুই কিশোর) গতকাল মঙ্গলবার গরিনাবাড়ি-কালুপাঠা এলাকায় উদয়ের বোনের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিল৷ আজ বুধবার ওরা চা–বাগান দেখতে গিয়ে ভুল করে ভারতের ভেতরে চলে গেছে৷ পরে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে৷ আমরা বিজিবির কাছে এসেছি৷ এটা নিয়ে বিজিবি বিএসএফের মিটিংয়ে নাকি বিএসএফ তাদের ফেরত দিতে চেয়েছে৷ আমরা তাদের ফেরতের অপেক্ষায় আছি৷’’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ কায়েস আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘‘বিষয়টি আমরাও জেনেছি৷ এ বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷’’
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
২০২৫ সালে ইইউতে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ২১ লাখ বেড়েছে
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অন মাইগ্রেশন-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়ে ৬ কোটি ৪২ লাখে পৌঁছেছে৷ আগের বছরের চেয়ে সংখ্যাটি প্রায় ২১ লাখ বেশি৷ বুধবার আরএফবিবার্লিনে প্রকাশিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অন মাইগ্রেশন-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়৷
ইউরোস্ট্যাট এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে এই সংখ্যাটি ছিল চার কোটি৷
ইইউ অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রায় এক কোটি ৮০ লাখ ভিন দেশে জন্ম নেয়া মানুষ নিয়ে জার্মানি রয়ে গেছে সবার ওপরে৷ এক কোটি ৮০ লাখের মধ্যে ৭২% মানুষ কাজ করার উপযোগী বয়সের৷ অন্যদিকে স্পেনে সাম্প্রতিক সময়ে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বেড়েছে সবচেয়ে দ্রুত৷ প্রায় সাত লাখ নতুন বিদেশি বংশোদ্ভূত যোগ হওয়ায় সেখানে মোট সংখ্যা ৯৫ লাখে পৌঁছেছে৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
বিস্ফোরক মামলায় শিশু সন্তানসহ আটক যুব মহিলা লীগ নেত্রী জামিনে মুক্ত
মোসাম্মাত শিল্পী বেগমকে দেড় মাস বয়সী সন্তানসহ গ্রেপ্তার করা হয় গত সোমবার৷ মঙ্গলবার রাতে মা এবং শিশুকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়৷ আদালত জামিন দেয়ায় আজ বুধবার দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তার দেড় মাস বয়সি কন্যাসন্তান কাইফা ইসলামকে নিয়ে বেরিয়ে আসেন শিল্পী বেগম৷
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন৷
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন৷ রাজধানীর তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল৷ মানবিক দিক বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন৷
আজ সকাল থেকেই শিল্পী বেগম ও তার সন্তানকে নিতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা কারাগারের সামনে ভিড় করেন৷ শিল্পী বেগম কারাগার থেকে বের হলে তাকে সহকর্মীরা বরণ করে নেন৷ তেজগাঁও এলাকার শ্রমিক লীগের নেতা আলমগীর হোসেন বলেন, ‘‘শিল্পী আপা আমাদের এলাকার বড় বোন৷ তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন৷ আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল৷’’
কারামুক্ত হওয়ার পর শিল্পী বেগম বলেন, ‘‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে৷ আমি আওয়ামী লীগ করি; কিন্তু কোনো পদপদবি নেই৷ আমাকে মুক্তি দিয়েছে৷ এ জন্য আমি আইনের প্রতি, আদালতের প্রতি কৃতজ্ঞ৷’’
গত সোমবার রাতে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ৷ মঙ্গলবার রাতে দেড় মাস বয়সি শিশুসন্তানসহ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়৷ কোলের শিশুসহ মায়ের কারাবাসের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
শান্তি আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প বলেছেন, আরো শান্তি আলোচনার সুযোগ করে দিতে তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়াবেন৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীরা অনুরোধ করেছেন ‘‘ইরানের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে না আসা পর্যন্ত এবং আলোচনা কোনো-না-কোনোভাবে শেষ না হওয়া পর্যন্ত যেন আমরা ইরানের ওপর হামলা স্থগিত রাখি,’’ যুক্তরাষ্ট্র তাতে সম্মতি দিয়েছে৷ তবে ডনাল্ড ট্রাম্প আরো বলেন, তিনি সমুদ্রপথে ইরানের বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বাধা অব্যাহত রাখবেন৷ ইরান মনে করে তা যুদ্ধকালীন পদক্ষেপ৷
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সম্পৃক্ত তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ করেনি৷
গত সপ্তাহে অর্থনৈতিক অবরোধ ভাঙার চেষ্টা রুখে দেয়ার কথা বলে ইরানের একটি পণ্যবাহী জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র৷ এরপরই প্রতিশোধের অঙ্গীকার করে আপাতত শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানায় তেহরান৷ এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়৷
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটন দেখিয়ে দিয়েছে যে, কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তারা ‘আন্তরিক নয়’৷ তিনি আরো জানান, জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো সময়সীমা বা চরমপত্রে বিশ্বাস করেন না তারা৷ বাঘাই বলেন, ‘‘এখন পর্যন্ত আমাদের পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই৷ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি৷’’
দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র পাকিস্তানে যে শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে সে বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ‘‘কিছু অযৌক্তিক এবং অবাস্তব অবস্থানের ওপর জোর দিচ্ছে৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স, এএফপি)
এক হাজার ইউরো বোনাসের সময়সীমা বাড়ালো জার্মান সরকার
দ্রব্যমূল্য বাড়ছে, জীবনযাত্রার সার্বিক ব্যয়ও বাড়ছে ক্রমাগত৷ এ পরিস্থিতি মোকাবেলার জন্য কর্মীদের এক হাজার ইউরো (করমুক্ত) পর্যন্ত বোনাস দিতে বলা হয়েছিল নিয়োগকর্তাদের৷ বোনাস দেয়ার পূর্বঘোষিত সময়সীমা বাড়িয়েছে জার্মান সরকার৷
আগের ঘোষণা অনুযায়ী সময়সীমা শেষ হওয়ার কথা চলতি বছরের শেষে৷ এখন তা ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সরকার৷
সরকারের সমালোচকরা মনে করেন, জীবনযাত্রার ব্যয়-সংকট মোকাবেলায় যথেষ্ট উদ্যোগী নয় সরকার৷ তারা মনে করেন, এই বোনাস নিয়োগকর্তাদের নয়, সরকারেরই দেয়া উচিত৷ জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হওয়া, সেই তুলনায় বোনাসের পরিমাণ খুব কম বলেও মনে করেন তারা৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাংলাদেশি যুবক নিহত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন৷ স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানায়, নিহত যুবক রাশিয়ার সামরিক বাহিনীর কাজ করতেন৷
নিহত যুবকের নাম মুহিবুর রহমান৷ তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামে৷
আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইকবাল আহমেদ পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি জানান, মুহিবুর প্রথমে উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন৷ কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে গেলে তিনি রাশিয়ায় চলে যান এবং গত কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন৷
মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তার ভাই পরিবারের সদস্যদের বলেছিলেন যে তিনি রুশ সেনাবাহিনীর রাঁধুনি হিসেবে কাজ করতেন৷ গত বছর তিনি বাংলাদেশে ফিরে বিয়ে করেন এবং কিছুদিন পর আবার রাশিয়ায় চলে যান৷
হাবিবুর আরও জানান, রাশিয়ায় থাকা তার ভাইয়ের এক সহকর্মী মেহেদী হাসান পরিবারকে মৃত্যুর খবর জানিয়েছেন৷ মেহেদী জানান, প্রায় এক সপ্তাহ আগে একটি বাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলায় মুহিবুর নিহত হন৷
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত শুক্রবার পরিবার মৃত্যুর খবর পেলেও গতকাল রাতে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়৷ প্রতিবেশীরাও মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন৷ তবে ঠিক কবে বা কখন এই ঘটনা ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার৷
আমতৈল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাহিদ হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকেই তিনি ঘটনাটি জেনেছেন৷
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পারেন৷
তার স্বজনেরা তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন৷ মুহিবুর রহমান তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন৷ পরিবারের সদস্যকে হারিয়ে স্বজনরা এ ব্যাপারে আর কথা বলতে চাননি৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
আজ মঙ্গলবার সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়েছে৷ এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্য৷ ঢাকা থেকে এর দূরত্ব ছিল ৪৩৬ কিলোমিটার৷ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানায়, রাজধানীসহ বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়৷
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাঈয়াৎ কবীর প্রথম আলোকে বলেন, ‘‘এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল৷ ঢাকা থেকে এর উৎপত্তিস্থল অনেকটাই দূরে৷ এতে শঙ্কিত হওয়ার কিছু হয়নি৷ এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও আমাদের কাছে খবর নেই৷’’
ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ৷ তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা৷ তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে৷ বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে৷
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত হওয়া ভূমিকম্পগুলোর তথ্য পাওয়া গেছে৷ এতে দেখা যায়, ২০২৫ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সীমান্ত–সংলগ্ন এলাকায় ৩২টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে৷ এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বৃহত্তর সিলেট এলাকায়—১০টি৷ এসব ভূমিকম্পের উৎপত্তি ডাউকি চ্যুতির কাছাকাছি এলাকায়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
ইরানের শান্তি আলোচনা বর্জন, ঝুঁকিতে যুদ্ধবিরতি
অর্থনৈতিক অবরোধ ভাঙার চেষ্টার কথিত অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের একটি পণ্যবাহী জাহাজ আটক করার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আপাতত নতুন শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান৷ ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা৷
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটন দেখিয়ে দিয়েছে যে, কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তারা ‘আন্তরিক নয়’৷ সুস্পষ্টভাবে ঘোষণা করা দাবিগুলো তেহরান বদলাবে না- এ কথা উল্লেখ করে তিনি আরো জানান, জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো সময়সীমা বা চরমপত্রে বিশ্বাস করেন না তারা৷ বাঘাই বলেন, ‘‘এখন পর্যন্ত আমাদের পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই৷ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি৷’’
দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র পাকিস্তানে যে শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে সে বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ‘‘কিছু অযৌক্তিক এবং অবাস্তব অবস্থানের ওপর জোর দিচ্ছে৷’’
ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করে ইরান৷ বাঘাই বলেন, ‘‘আমরা এখনও যুদ্ধাবস্থায় আছি৷ এটা সত্যি যে, একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত শুরু থেকেই যুক্তরাষ্ট্র বারবার তা লঙ্ঘন করেছে৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
বোমাসহ এক জার্মান নারীকে আটকের দাবি রাশিয়ার
পিঠের ব্যাগে বোমা পাওয়া যাওয়ায় ৫৭ বছর বয়সি এক জার্মান নারীকে আটকের কথা জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)৷ আজ সোমবার সংস্থাটি দাবি করে, আটক নারী ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন৷
বার্তা সংস্থা রয়টার্স সত্যতা যাচাই করতে পারেনি – এমন এক ভিডিওর উল্লেখ করে জানায়, ভিডিওতে ওই নারীকে একটি গাড়ি পার্কিংয়ের টারম্যাকে শুয়ে থাকতে দেখা গেছে৷ কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার ও তার পাশে থাকা একটি ব্যাগের দিকে অস্ত্র তাক করে ছিলেন৷ পরে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, জার্মান ওই নারী দেড় কেজি টিএনটির সমান ক্ষমতাসম্পন্ন একটি বোমা বহন করছিলেন৷ এফএসবি মনে করে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী বোমাটি স্তাভরোপোল অঞ্চলে আইন প্রয়োগকারী সংস্থার একটি স্থাপনায় হামলা চালানোর কাজে ব্যবহার করা হতো৷
এ ঘটনায় মধ্য এশিয়ার একটি দেশের এক নাগরিককেও আটক করার কথা জানিয়েছে এফএসবি৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির গুলিতে সাত সন্তানসহ আট জন শিশু নিহত
লুইজিয়ানার শ্রেভপোর্টের একটি পাড়ায় এক ব্যক্তি তার নিজের সাত সন্তানসহ আট জন শিশুকে হত্যা করেছে৷ এ ঘটনায় দুই নারী আহত হওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ৷
রোববার শ্রেভপোর্টের মেয়র টম আর্সেনো বলেন, “এ এক মর্মান্তিক পরিস্থিতি— সম্ভবত এটা আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা৷’’
রোববার এই সহিংসতা শুরু হয় সূর্যোদয়ের আগেই৷ পুলিশ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলের দক্ষিণ দিকের পাড়ার বাড়িটিতে ওই ব্যক্তি প্রথমে এক নারীকে গুলি করে৷ তারপর গাড়ি চালিয়ে চলে যায় আরেকটি বাড়িতে৷ পুলিশের মুখপাত্র ক্রিস বোর্ডেলন বলেন, দ্বিতীয় বাড়িটির ভেতরে সাত জন শিশু নিহত হয়েছে৷ ছাদে আরেক শিশুর মৃতদেহ পাওয়া যায়৷ এছাড়া প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফিয়ে পড়া এক শিশু এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা গেছে, তার অবস্থা এখন ভালো৷
নিহত শিশুদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে৷ তাদের মধ্যে তিনজন ছেলে এবং বাকি পাঁচজন মেয়ে৷
গুলিবিদ্ধ নারীদের একজনের চাচাতো বোন ক্রিস্টাল ব্রাউন বলেন, সব শিশুই ছিল “হাসিখুশি, বন্ধুত্বপূর্ণ এবং মিষ্টি৷’’
শিশু ও নারীদের ওপর হামলা চালানো ব্যক্তিকে ধাওয়া করেছিল পুলিশ৷ পরে সেই ব্যক্তিও মারা যায়৷
এসিবি/ জেডএইচ (এপি)
দিনাজপুরে আদিবাসীদের মন্দিরে হামলা ও জমি দখলের অভিযোগ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একটি মন্দিরে হামলা, ভাঙচুর এবং জমি দখলের অভিযোগ উঠেছে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানায়, গতকাল রোববার দুপুরে উপজেলার সনকা খ্রিস্টানপাড়া গ্রামের একটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে৷
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ওসি জানান, মুর্মু ও সরেন আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ঘোড়াবন্দ গ্রামের আবদুল কাদেরের ছেলে রেজাউল ইসলামের ৯৩ শতাংশ খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল৷
আদিবাসী পরিবারগুলোর দাবি, তারা কয়েক প্রজন্ম ধরে ওই জমিতে বসবাস করছে৷ সেখানে একটি মন্দির ও একটি কবরস্থানও রয়েছে৷ কিন্তু, রেজাউল ওই জমির মালিকানা দাবি করে আসছেন৷
ওসি সাইফুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে রেজাউল ও তার চাচা আজাদের নেতৃত্বে ১৫০-২০০ জন ওই জমি দখলের উদ্দেশ্যে মন্দির ও কবরস্থানে হামলা চালায়৷ তারা লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে মন্দিরের বাইরে ও ভেতরে প্রতিমা ভাঙচুর করে এবং কবরস্থানের ১০-১২টি গাছ কেটে ফেলে৷ এ সময় একটি ঘরও ভাঙচুর করা হয়৷
তিনি আরো বলেন, আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা বাধা দিলে তাদের মারধর করা হয়৷ এতে বেশ কয়েকজন আহত হন৷
ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
ওসি আরও জানান, ভাঙচুর হওয়া প্রতিমা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে৷
আহতদের মধ্যে পিউস মুর্মু (৪৫) ও বিশ্বনাথকে (২৭) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
পিউস মুর্মু দ্য ডেইলি স্টারকে জানান, তারা কয়েক প্রজন্ম ধরে ওই জমিতে বসবাস করছেন৷ কিন্তু হামলাকারীরা অবৈধভাবে জমি দখলের চেষ্টা করতে এ হামলা চালায়৷
গ্রামের আদিবাসী সম্প্রদায়ের নেতা অ্যান্থনি মুর্মু ডেইলি স্টারকে জানান, তারা এক শতাব্দীর বেশি সময় ধরে ওই জমি ব্যবহার করছেন৷ সনকা খ্রিস্টানপাড়া গ্রামে ৫০-৬০টি পরিবার বসবাস করে৷ এছাড়া আশপাশের ২০০টির বেশি ভূমিহীন আদিবাসী পরিবার এই কবরস্থান ব্যবহার করে৷
তিনি আরো জানান, গ্রামে হিন্দু ও খ্রিস্টান উভয় ধর্মের আদিবাসী বসবাস করেন৷
ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি৷
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রেজাউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘‘আমি মনসুর আলীর কাছ থেকে ১৯৯৯ সালে ৪১ শতাংশ ও ২০২৩ সালে আরও ৪৮ শতাংশ জমি কিনেছি৷ বাকি ৪ শতাংশ কবরস্থানের অন্তর্ভুক্ত৷’’
তবে আদিবাসীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি৷
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ফারিহা তাসনিম ডেইলি স্টারকে বলেন, বিশ্বনাথ সরেনের বুকে তীরের আঘাত রয়েছে৷
ঘটনাস্থল পরিদর্শনের পর বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন ডেইলি স্টারকে বলেন, প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত৷ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে৷ আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন ডেইলি স্টারকে বলেন, বিরোধপূর্ণ জমিটি সরকারি খাস জমি৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)